এক তৃতীয়াশ কমলো ইনকামিং কল টার্মিনেশন রেট

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩০  
বিদেশ থেকে আসা ফোনকলের জন্য নির্ধারিত কল টার্মিনেশন রেট দেড় টাকা থেকে কমিয়ে ৫১ পয়সা প্রতি মিনিট (ডলারের মূল্য ৮৫ টাকা ধরে) নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বৈধ পথে কল আসার পরিমাণ ধারাবাহিক কমায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। খাত সংশ্লিষ্টদের মতে, বিটিআরসির নতুন নির্ধারিত রেটের হিসেবে আইজিডব্লিউ অপারেটররা যদি কল রেট কমিয়ে দেয় তাহলে বৈধ পথে বিদেশ থেকে কল আসার পরিমাণ বাড়তে পারে। বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে দেশে বৈধ পথে ৩ হাজার ৫৫০ কোটি মিনিট কল এসেছিল। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে তা ১ হাজার ২১৩ কোটি মিনিটে নেমেছে। অবৈধ ভিওআইপি এবং হোয়াটসঅ্যাপ, ইমোর মতো ওভার দ্য টপ সেবার কারণ বিদেশ থেকে আসা কল কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইনকামিং কল টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ)–সহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয় বিটিআরসি। সংষ্থাটির উপপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ) সাবিনা ইসলামের সই করা চিঠিতে বলা হয়, এখন থেকে ফ্লোর রেটের (যে দরে কল আনা হয়) ভিত্তিতে রাজস্ব ভাগাভাগি হবে। আইজিডব্লিউ প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে, ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন রেট কার্যকর হয়েছে। ইনকামিং কলরেট এখন প্রতি মিনিট ০.৬ সেন্ট বা ৫১ পয়সা যা আগের কল রেটের মাত্র এক তৃতীয়াংশ। বৈধ পথে বিদেশ থেকে যেসব কল আসে তার আয় বিটিআরসি, আইজিডব্লিউ অপারেটর, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং গ্রাহকের অপারেটর, তথা মোবাইল ফোন ও টেলিফোন অপারেটরদের মধ্যে ভাগাভাগি হয়। বৈধ পথে কল করার খরচ যখন বেশি হয়, তখন অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) উৎসাহিত হয়।